এক গ্লাস অন্ধকার

রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি ।
শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও--
একগ্লাস অন্ধকার হাতে নিয়ে একা বসে আছি ।

বিলুপ্ত বনস্পতির ছায়া, বিলুপ্ত হরিণ ।
মৌসুমি পাখির ঝাঁক পালকের অন্তরালে
তুষার গহন সৌরভ বয়ে আর আনে না এখন ।

দৃশমান প্রযুক্তির জটাজুটে অবরুদ্ধ কাল,
পুর্ণিমার চাঁদ থেকে ঝ'রে পড়ে সোনালি অসুখ ।
ডাক শুনে পেছনে তাকাই__কেউ নেই ।
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি একা......
সমকালীন সুন্দরীগণ অতিদ্রুত উঠে যাচ্ছে
অভিজাত বেডরুমে,
মুল্যবান আসবাবপত্রের মতন নির্বিকার ।
সভ্যতা তাকিয়ে আছে তাঁর অন্তর্গত ক্ষয়
আর প্রশংসিত পঁচনের দিকে ।

উজ্জলতার দিকে চোখ, চেয়ে আছি--
ডীপ ফ্রিজে হিমায়িত কষ্টের পাশেই প্রলোভন,
অতৃপ্ত শরীরগুলো খুঁজে নিচ্ছে চোরাপথ--সেক্‌সড্রেন ।

রুগ্নতার কাঁধে হাত রেখে সান্ত্বনা বিলাচ্ছে অপচয়--
মায়াবী আলোর নিচে চমৎকার হৈ চৈ, নীল রক্ত, নীল ছবি

জেগে ওঠে একখণ্ড ধারালো ইস্পাত--চকচকে,
খুলির ভেতর তাঁর নড়াচড়া টের পাই শুধু ।

ইতিমধ্যে ককটেলে ছিন্নভিন্ন পরিচয়, সম্পর্ক, পদবী --
উজ্জ্বলতার ভেতরে ফণা তুলে আর এক ভিন্ন অন্ধকার ।
গ্লাসভর্তি অন্ধকার উল্টে দিই এই অন্ধকারে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন